কলেজ ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ

ধামরাইয়ে বখাটেদের হামলায় শিক্ষকসহ আহত ১৫

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৩
ধামরাইয়ে রঘুনাথপুর আবুল বাশার কৃষি কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল সোমবার বখাটে যুবকদের হামলায় শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে খোকন হোসেন ও লিটন নামের ২ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, স্থানীয় বহিরাগত সুমন, জসিম, রাজিব, সজিব, মেহেদি, নজরুল ইসলাম, শরিফের নেতৃত্বে একদল বখাটে যুবক হাফপ্যান্ট পরে কলেজ ক্যাম্পাসে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ ঘটনায় সোমবার কলেজের অধ্যক্ষ, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশী বৈঠকে বসেন। এ সময় স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আলীম ভুলু বখাটেদের পক্ষ নিলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায় বহিরাগত বখাটে রাজিব ও নজরুলের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করলে আহত হয় শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী।