বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখন বিএনপির নেতৃত্বে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যদি আমরা সব ভোট যোগ করি, তাহলে দেখা যাবে শতকরা হিসাবে আওয়ামী লীগ এগিয়ে। একাধিক প্রার্থী থাকায় হয়তো কোনো কোনো জায়গায় আগের দু’টি ধাপের নির্বাচনে আমরা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু তৃতীয় ধাপে অনেক বেশি উপজেলায় জয়ী হয়েছি। আমরা মনে করি, আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকলে শেষ মুহূর্তের যোগ-বিয়োগে উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা বেশি হবে। আগামীতে উপজেলা নির্বাচন দলীয়ভাবে করা যায় কিনা সে ব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
তোফায়েল আহমেদ বলেন, উপজেলা নির্বাচনের পর বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা কখনো সফল হবে না। কোন হুমকি-ধামকিতে কাজ হবে না। দলটি সব শক্তি খরচ করেও আন্দোলনে ব্যর্থ হয়েছে। পাঁচ বছর পর আলোচনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে পারে। তবে বিএনপি যে তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখছে তা স্বপ্নই থেকে যাবে।
জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন বিচক্ষণ ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে তাঁর মতো রাজনীতিক বিরল। তিনি রাজনৈতিক স্বাধীনতার পর অর্থনৈতিক স্বাধীনতা চেয়েছিলেন। বঙ্গবন্ধুর কিছু খুনির বিচারের রায় কার্যকর হয়েছে। বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
