পত্নীতলায় পুরনো দীঘি পুনঃখননকালে গুপ্তধন পাওয়ার গুজব

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৪
নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বনগ্রামে একটি দীঘি পুনঃখননকালে মাটির নিচে স্বর্ণমূর্তি ও আরো গুপ্তধন পাওয়ার গুজব উঠেছে। খননকালে তামার সর্পমূর্তি ও কিছু ধাতব পাত পায়। এ নিয়ে এলাকায় গুপ্তধন পাওয়ার কথা ছড়িয়ে পড়ে। কৃষি মন্ত্রণালয় ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বনগ্রাম ছোটদীঘি নামে প্রায় ৬ একর ৭৩ শতাংশ জলায়তন বিশিষ্ট খাস দীঘি পুনঃখনন কাজ করতে থাকে। প্রায় ৮০ ভাগ খননকাজ সমাপ্ত হয়েছে। বাকী রয়েছে দীঘির মাঝের কিছু অংশ। প্রত্যক্ষদর্শী ও ঠিকাদারের কেয়ারটেকার মতিউর রহমান (৩২) জানান, গত শুক্রবার সকালে দীঘির মাঝখান থেকে মেশিনের সাহায্যে কাদামাটি উঠানোর সময় কাদার নিচে শক্ত কিছু একটা মেশিনের মাথায় আটকে যায়। এ সময় শ্রমিকরা ওই স্থানের এক পাশ থেকে কাদা মাটি সরিয়ে ফেললে সেখানে ইটের তৈরি প্রায় ৫ বর্গফুট পরিমাণের ছোট্ট একটি কুঠরীর সন্ধান পায়। ওই কুঠরীর মধ্যে মূল্যবান গুপ্তধন থাকতে পারে এমন কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। থানার এসআই জহুরুল ইসলাম জানান, সেখানে প্রাচীন আমলের ইটের তৈরি ওই কুঠরীর মাঝখানে একটি ১৮ ইঞ্চি ব্যাসের প্রায় ১২ ফুট লম্বা কাঠের গুঁড়ি থামের মত খাড়া অবস্থায় পাওয়া গেছে। কোন স্বর্ণমূর্তি পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে খনন শ্রমিক মোকছেদুল (৩০) গুঁড়ির নিচের মাটি সরানোর সময় তামার সর্পমূর্তি ও কিছু ধাতব পাত পায়। এ নিয়ে এলাকায় গুপ্তধন ও সোনার সর্পমূর্তি পাওয়ার কথা ছড়িয়ে পড়ে।