বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম উপজেলা নির্বাচনে প্রশাসনের বিতর্কিত ভূমিকার সমালোচনা করে বলেছেন, বিএনপি নেতারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেখা করতে গেলে তারা এড়িয়ে চলছেন। তারা চাকরি হারানোর ভয়ে বিএনপির নেতাদের সাথে দেখা করছেন না। তিনি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, চাকরি এক-দুই দিনের জন্য নয়। অনেক সরকারের অধীনে আপনাদের চাকরি করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে না।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট জালিয়াতি, ব্যালট ছিনতাই ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
তরিকুল ইসলাম আরও বলেন, সদর উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির জন্য চৌগাছা, ঝিকরগাছা, বারোবাজার, বিষয়খালি এলাকা থেকে সন্ত্রাসীদের জড়ো করা হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয় তার দায়ভার প্রশাসন ও সরকারকেই নিতে হবে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে যেন চৌগাছা, শার্শার মতো ঘটনা না ঘটে এজন্য সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তরিকুল ইসলাম বলেন, সদর উপজেলায় ভোট ডাকাতি রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবে। আমাদের হাতে অস্ত্র নেই। তাই জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট ইসহক, জাফর সাদিক, রফিকুর রহমান তোতন, মারুফুল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম প্রমুখ।
