নির্বাচন পরবর্তী সহিংসতা

টাঙ্গাইলের ধানবাড়িতে আজ বিএনপির আধবেলা হরতাল

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৬
উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী দুই ভাইস চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার ধনবাড়িতে আধাবেলা হরতাল আহবান করেছে বিএনপি।গতকাল সোমবার স্থানীয় বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ধনবাড়ি উপজেলা বিএনপি সম্পাদক অধ্যক্ষ এম আজিজুর রহমান লিখিত অভিযোগে জানান, গত শনিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দুদিন ধরে বিভিন্ন গ্রামে বিএনপি কর্মীদের বাড়িঘরে হামলা, ভাংচুর করে। গতকাল স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যদুনাথপুর ইউনিয়নের পাড় বওলা গ্রামে ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শনে গেলে ছাত্রলীগ নেতা রুবেল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহর উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, পৌর বিএনপির সম্পাদক এসএম ছোবহানসহ বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ উপজেলায় আধাবেলা হরতালের আহ্বান করে।