বুকের ভেতর ক্ষোভের আগুন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন-সাধনা এবং সংগ্রাম ও আন্দোলনের ফলে বাংলাদেশের সৃষ্টি। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। আলোচ্য গ্রন্থটি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা ঘটনা ছন্দ-মিলে উপস্থাপন করেছেন ইমরান পরশ। ইমরান পরশ একজন সুপরিচিত লেখক। ইতোপূর্বে তার প্রকাশিত বই ব্যাপার চমত্কার, স্বাধীন স্বাধীন মায়ের কাছে খোলা চিঠি ও এই রাজাকার সেই রাজাকার অনেকের কাছে আদৃত হয়েছে।
আলোচ্য বুকের ভেতর ক্ষোভের আগুন ছড়া-কবিতার বইটিতে সংকলন করা হয়েছে মোট ২৩টি ছড়া কবিতা। ছড়া-কবিতাগুলো বঙ্গবন্ধুকে নিয়ে রচিত। প্রত্যেকটি ছড়া-কবিতায় বঙ্গবন্ধুর জীবনের নানা চরিত্র আঁকা হয়েছে। এর মধ্যে জাতির জনক, সেই ছেলেটি, মুজিব, এই বাড়িটি, আঙুল, জন্মদিন, কেঁদে বলেছে আকাশ, ঘাতক ও ভুলব কেমন করে বিশেষ করে উল্লেখ্য।
সংকলিত মুজিব মানে কবিতাটি ভারি সুন্দর। ইমরান লিখেছেন:
মুজিব মানে সূর্য উঠা ভোর
যায় পেরিয়ে দুখের নদী
অমানিশা ঘোর।
মুজিব মানে লক্ষ তারার মেলা
ফুলপাখি আর গোলাপ জারুল
বর্ষা নদীর ভেলা।
মুজিব মানে গর্জে ওঠা ভাষণ
দেয় কাঁপিয়ে বীর বাঙালি
শত্রুসেনার আসন।
মুজিব মানে বাংলাদেশের তক্ত
দিলেন ঢেলে অকাতরে
বুকের তাজা রক্ত।
মুজিব মানে লাল সবুজ আর
শ্যামল পরিবেশ
মুজিব মানে জাতির পিতা
স্বাধীন বাংলাদেশ।
বইটির অলঙ্করণে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ১৯টি স্কেচ। উন্নতমানের কাগজে ছাপা, প্রচ্ছদপটও আকর্ষণীয়। এগুলো সোহাগ পারভেজের আঁকা। এটি ছাপা হয়েছে ঢাকার প্রতিভা প্রকাশ থেকে। মূল্য একশত টাকা। বইটি ছোটো-বড়ো সকলের ভালো নাগবে।
খালেক বিন জয়েনউদদীন
