আর যাই হোক না কেন বেশ অনেকটা উঁচু থেকে লাফিয়ে পড়ার কসরত দেখানোর জন্য ৮৪ বছর বয়সটা মোটেও আদর্শ কোনো বয়স নয়। তবে এই বয়সেই কি না দিব্যি শ খানেক ফিট উঁচু নানা স্থান থেকে লাফানো তথা বেস জাম্পিংয়ের কাজটি করে যাচ্ছেন আমেরিকার ডোনাল্ড ক্রিপস্। কোরিয় যুদ্ধে অংশ নেওয়া এই প্রবীণ ব্যক্তির নামের পাশে রয়েছে তিন হাজার ছয়শ বারেরও বেশি প্যারাসুট জাম্পিংয়ের রেকর্ড। আর এর মধ্যে সাম্প্রতিক সময়ের যে লাফটি তাকে সোজা ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে সেটি হলো আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার নিউ রিভার গর্জ ব্রিজ থেকে লাফ দেওয়া। ৮১৬ ফুট উঁচু এই ব্রিজটি থেকে চার সেকেন্ড মুক্তভাবে পতনের পর প্যারাসুটের সাহায্যে নিরাপদে নদীর ওপর অবতরণ করেন ডোনাল্ড। আর এই কাজটি করার দিনে তার বয়স ছিল ৮৪ বছর ৩৭ দিন যা তাকে সবচেয়ে বেশি বয়সী বেস জাম্পারের স্বীকৃতি এনে দেয়।
