টানা চার কর্মদিবস ডিএসই’র সূচক কমেছে

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২০:১৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কর্মদিবস ধরে সূচক কমছে। লেনদেনও হচ্ছে কম। তবে গতকাল মঙ্গলবার ডিএসই’র লেনদেন হয়েছে তিনশ’ কোটি টাকার উপরে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল মাত্র ২৯২ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, গত প্রায় এক মাস ধরে বাজারে যেভাবে দরপতন চলছে এটা ইতিবাচক নয়। টানা দর বৃদ্ধি ও টানা দরপতন কোনোটাই কাম্য নয়। এদিকে দরপতনের পাশাপাশি লেনদেনও কমে যাচ্ছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকা। যা আগের কার্যদিবসে চেয়ে ৩০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। ঘোষণা অনুযায়ী ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি। বিনিয়োগকারীদের সম্মতির পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হবে। এদিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ থেকে দেশের উভয় শেয়ারবাজারে শুরু হবে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটি মূলধন বাড়াতে ৬ কোটি ৫০ লাখ টাকা, মেয়াদি ঋণ পরিশোধে ১২ কোটি টাকা এবং ১ কোটি ৫০ লাখ টাকা আইপিও খাতে ব্যয় করতে এ অর্থ উত্তোলন করে।