নিয়মিত আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশে সরকারের মধ্যে একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত লি ইউন ইয়াং স্বাক্ষর করেন। চুক্তি স্বক্ষরের পর ইআরডি সচিব বলেন, এটি কোনো প্রকল্প চুক্তি না হলেও অনেক গুরুত্বপূর্ণ চুক্তি। কারণ এখন থেকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে নিয়মিত প্রকল্প সহায়তা দিতে আগ্রহী। কোরিয়া আন্তর্জাতিক সহযোগী সংস্থার (কোইকা) মাধ্যমে এ সহায়তা দেবে দেশটি। এ চুক্তিতে বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে দেশটির সাধারণ কিছু শর্তাবলী রয়েছে। এসব শর্তাবলী নিয়ে দু দেশের মধ্যে একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হলো।
