নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান একটা নিরাপদ স্থানে শান্তি আলোচনায় বসার আহবান জানিয়েছে পাকিস্তানকে। তারা জানায়, তারা এমন একটি স্থানকে প্রাধান্য দিচ্ছে যেখানে তাদের প্রতিনিধিরা নির্বিঘ্নে এবং নিরাপদে সেখানে যেতে পারবে। সোমবার বিবিসির উর্দু সার্ভিসে দেয়া এক সাক্ষাত্কারে টিটিপির আলোচকবৃন্দের প্রধান মাওলানা সামিউল হক এ কথা বলেন। —খবর ডন ডটকমের।
সামিউল হক বলেন, পাকিস্তান সরকার বিভিন্ন স্থানে এফসি এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে রেখেছে। এতে করে তাদের নিরাপদ চলাচলে বিঘ্ন ঘটছে। তাই আসন্ন শান্তি আলোচনাকে ফলপ্রসূ এবং গঠনমূলক করে তুলতে সরকারের উচিত আলোচকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনার জন্য তাদের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। আর এটি করা গেলেই সংলাপ বাধাহীনভাবে এগুতে পারবে। সামিউল হক বলেন, বর্তমান সরকারের ব্যাপক ধরপাকড়ের কারণে তারা বাধ্য হয়েছেন আন্ডারগ্রাউন্ডে চলে যেতে। কেননা যে কোন সময় তারা গ্রেফতার হয়ে যেতে পারেন। টিটিপির প্রধান মোল্লাহ ফজলুল্লাহ কোথায় আছেন বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি তা সুকৌশলে এড়িয়ে যান।
