ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে কঠিন সিদ্ধান্ত এবং ঝুঁকি নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে আব্বাসের সঙ্গে আলাপকালে ওবামা আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন। সে সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের একসঙ্গে কাজ করে যাওয়ার সুবাদে দু’পক্ষকেই এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এদিকে মাহমুদ আব্বাস বলেছেন, ঐতিহাসিক সুবিধার জায়গা থেকেই তিনি নতুন করে শুরু হওয়া আলোচনার বিষয়টিকে বিবেচনায় নিবেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েকদিন আগে আলাপ হওয়ার কথা উল্লেখ করে ওবামা বলেন, এখন শুধু দু’পক্ষের নেতা নয় বরং দু’পক্ষের জনগণেরই সুযোগকে সাদরে গ্রহণ করে নেয়ার সময় হয়ে এসেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনার প্রক্রিয়া অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং হলেও সামনে আগানোর জন্য কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঝুঁকি নিতে হবে। এতে করে আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
