৪র্থ দফায় ২৩ মার্চ পাঁচবিবি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে দুই জোটেই একক প্রার্থী হওয়ায় জোট দুটি স্বস্তিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। গ্রাম থেকে শহরে সর্বত্রই পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরাও নির্ঘুম প্রচারণা চালাতে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে। এবারও ১৯ দলীয় জোটের প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্র নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান। তার প্রতীক আনারস। অপরদিকে ১৪ দলের প্রার্থী হয়েছেন সাবেক ছাত্র নেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন। তার নির্বাচনী প্রতীক মোটর সাইকেল। গত নির্বাচনে দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হলেও এবার বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আবু সাঈদ আল মাহবুব চন্দন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও এককভাবে মনোনয়ন পেয়েছেন। ১৯ দলীয় জোটের (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে জিয়াউর ফেরদৌস রাইট (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে দৌলতন নাহার দোলন (হাঁস), ১৪ দলীয় জোটের মুনসুর রহমান (উড়োজাহাজ), মহিলা প্রার্থী নাসরিন আকতার শিল্পী (কলস)। স্বতন্ত্র মনিরুজ্জামান বাবুল (তালাচাবি), পারভীন আকতার (সেলাই মেশিন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে সব প্রার্থীরাই আশাবাদী।
