চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নেদারল্যান্ড

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৫৬
অন্য সহযোগী সদস্যদের মতো নেদারল্যান্ডও নির্ভর করে তাদের ‘আমদানিকৃত’ খেলোয়াড়দের উপর। অধিকাংশ সহযোগী দেশগুলোর মূল খেলোয়াড় হলেন বহিরাগত যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নে নয়তো জীবিকার টানে এসব দেশের হয়ে ক্রিকেট খেলেন। নেদারল্যান্ডের ক্ষেত্রেও সংখ্যাটা খুব কম নয়। তাদের উইকের রক্ষক ব্যাটসম্যান ওয়েসলি ব্যারেসি’র জন্ম দক্ষিণ আফ্রিকায়। টম কুপারের জন্ম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ওপেনিং ব্যাটসম্যান ও অফস্পিনার মাইকেল স্টুয়ার্ট খেলেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। আর মুদাস্সর বুখারির জন্ম পাকিস্তানের পাঞ্জাবে। বছর ধরেই নেদারল্যান্ড ক্রিকেটে এমনটা হয়ে আসছে। অনেক জাতি, নানা বর্ণের মানুষ এক হয় দেশটির ক্রিকেট পতাকার নিচে। আর দলের এমন বৈচিত্র্যকে মোটেই সমস্যা মনে করছেন না দলের অধিনায়ক পিটার বোরেন, ‘বৈচিত্র্য নিয়ে কাজ করা আমাদের জন্য মোটেই সমস্যার কোন কারণ নয়। নেদারল্যান্ডের হয়ে খেলতে পারাটাই বড় কথা।’ আর সবাইকে নিয়ে একসাথে খেলতে পারার মূলমন্ত্রটাও বাতলে দিলেন অধিনায়ক, ‘আমাদের এখানে ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা খেলোয়াড় আছে। কেউ হয়তো নেদারল্যান্ডেই থাকে, কেউ হয়তো থাকে না। তারপরও সবাই দলে এক হয়ে খেলি। টমি (টম কুপার) তিন-চার বছর টানা নেদারল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেছে। এখানে আমরা সবাই সবাইকে ভাল ভাবে চিনি। তাই বৈচিত্র্যতা নিয়ে কখনওই আমাদের সমস্যায় পড়তে হয় না। বরং ভিন্ন ভিন্ন মানুষের সাথে একসাথে থাকার ব্যাপারটায় আমরা বেশ আনন্দ পাই।’ খেলোয়াড় আমদানি করার এই ধারায় নেদারল্যান্ড ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ হলেন রায়ান টেন ডোশেট। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ডে পেশাদার ক্রিকেট খেলে বেড়ানো এই ক্রিকেটার প্রায় তিন বছর হল জাতীয় দলে অনুপস্থিত। পিটার বোরেন জানালেন কমলা জার্সিধারীরা সব সময়ই তার অভিজ্ঞতা-দক্ষতা মিস করে, ‘সে ২০১১ সালের পর থেকে আর আমাদের সাথে খেলে না। এখন আমরা এই ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে গেছি। তবে, তার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোন সুযোগ নেই। সে দলে থাকলে আমরা এখন আরও অনেক এগিয়ে যেতে পারতাম।’ ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ছয় উইকেটের দারুণ এক জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে নেদারল্যান্ড। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সুপার টেনে জায়গা নিশ্চিত করতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই নেদারল্যান্ডের সামনে। ম্যাচকে সামনে রেখে পিটার বোরেন বলেন, ‘ম্যাচটা একটু ভিন্ন হতে যাচ্ছে। কন্ডিশনে একটু পরিবর্তন আসবে।’ আর প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়া জিম্বাবুয়ে আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে। সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।