প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শোচনীয় হারের পর গতকাল যেন স্বরূপে ফিরলো আফগানিস্তান। ফলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হংকংকে ৭ উইকেটে পরাজিত করে তাদের টুর্নামেন্টই শেষ করে দিলো।
চট্টগ্রাম ভেন্যুর আগের ম্যাচের মতো এ ম্যাচেও হংকং আলো ছড়াতে ব্যর্থ হয়। বিদায় নিশ্চিত হয়ে যাওয়া হংকংয়ের আরেকটি ম্যাচ রয়েছে স্বাগতিক দলের বিপক্ষে।
গতকাল মঙ্গলবার বিকালে টস জিতে হংকং ব্যাটিংয়ে নামে। ইনিংসের শুরুতেই ছন্দপতন। দিনের প্রথম উইকেটের পতন হয় স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই। ওপেনার ব্যাটসম্যান ইরফান আহমেদকে হারিয়ে তারা চাপের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে অপর ওপেনার ওয়াকাস সারাকাত ও অধিনায়ক জেমি অ্যাটকিনসন ব্যাটিংয়ে অনেকটা আলো ছড়ান। এই জুটি ৪২ রান যোগ করেন। এটকিনসন সাজঘরে ফেরার আগে নিজের খাতায় যোগ করেন ৩১ রান। ওয়াকাস সারাকাত করেন ৭২ রান। অপর ব্যাটসম্যান ১৯ বছর বয়সী মার্ক চ্যাপম্যান দ্রুত গতিতে ৩৮ রান তুললেও পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৩ রান।
প্রতিপক্ষ বোলার সাপুর জাদরান, হামজা হোতাক ও দলনায়ক মো. নবী বোলিংয়ে দাপট দেখান। জবাবে আফগানিস্তান ১৫৪ রানের টার্গেট অতিক্রম করতে গিয়ে ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায়। পরবর্তীতে মো. সেহজাদ ও মিডল অর্ডারে শফিকুল্লার মারমুখী ব্যাটিং দলের জয়ে ত্বরান্বিত হয়। মো. শেহজাদেও ৬৮ রান ও শফিকুল্লার অপরাজিত ৫১ রানে আফগানিস্তান ১৮ ওভারে ১৫৪ রান করে।
স্কোর :
হংকং ২০ ওভারে ১৫৩/৮ (মার্ক চ্যাপম্যান ৩৮, ওয়াকাস সারাকাত ৩২, জেমি অ্যাটকিনসন ৩১; সাপুর জাদরান ২/২৭, মো. নবী ২/২৭, হামজা হোতাক ২/৩২)
আফগানিস্তান ১৮ ওভারে ১৫৪/৩ (মো. শেহজাদ ৬৮, শফিকুল্লা ৫১ (অপ); তানোয়ার আফজাল ১/১৯, হাসিব আমজাদ ১/৩৫, এজাজ খান ১/৩৯)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দি ম্যাচ : মো. সেহজাদ (আফগানিস্তান)।
