পাইওনিয়র ফুটবলেও ওয়ালটন

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৫৮
ফুটবলের সূতিকাগার পাইওনিয়র ফুটবল লিগ থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। এখান থেকে খেলে ফুটবলের বড় আসরে মাঠ মাতাচ্ছেন এখনো। কিন্তু এই আসরটি বেশ কয়েক বছর নিয়মিত হচ্ছিল না। বাফুফের সহ-সভাপতি আরিফ খান জয় দায়িত্ব পেয়ে এই পাইওনিয়র লিগটাকে কিভাবে নিয়মিত করা যায় সে জন্য কাজ শুরু করেছিলেন। তাতে একটু ফলও মিলেছিল। গত আসরের কয়েক শত ফুটবলার বিভিন্ন লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। এবারো উল্লেখযোগ্য খেলোয়াড় উঠে আসবে লিগের ক্লাবগুলোতে। এমন লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৬ পাইওনিয়র ফুটবল আজ মাঠে গড়াবে। ১০ বছরের চুক্তিতে ঢাকা সিটি করপোরেশন অর্থ দেয়ার কথা ছিল। সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর বাফুফে একটু সমস্যায় পড়েছে। অর্থটা নাকি নিয়মিত পাচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন এবার দিয়েছে ১৫ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৫ লাখ টাকার বদলে নাকি এবার দিয়েছে ৫ লাখ টাকা। আরো টাকা তারা দেবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। অর্থ সংকট থাকায় গত বছরের লিগ এখন শুরু হচ্ছে। সংকটের কথা জেনে এগিয়ে এসেছে আরবি গ্রুপের ওয়ালটন। তারা পাইওনিয়র লিগের জন্য প্রায় ১০ লাখ টাকা দিয়ে খেলাটা মাঠে গড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো এই প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। টাকা দেয়ার পাশাপাশি ওয়ালটন ৬৫টি দলের খেলোয়াড়দের জার্সি দিচ্ছে বাফুফের এলিট স্পন্সর ওয়ালটন, জানিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার। তিনি বলেন, পাশাপাশি পল্টন ময়দানসহ রাজধানীর ৬টি মাঠও সাজিয়ে দেবে বলে জানিয়েছে বাফুফে। পাইওনিয়র ফুটবল লিগ উপলক্ষে আজ বেলা আড়াইটায় বাফুফে ভবন থেকে একটি শোভাযাত্রা পল্টন ময়দানে গিয়ে শেষ হবে। বিকাল সাড়ে তিনটায় পল্টন ময়দানে উদ্বোধনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে আরামবাগ ফুটবল একাডেমি ও টাঙ্গাইল ফুটবল একাডেমি উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পাইওনিয়র ফুটবল লিগের খেলা ধুপখোলা ইষ্ট এন্ড ক্লাব মাঠ, বিজি প্রেস মাঠ, পল্টন ময়দান, যাদুঘর বিজয় সরণি মাঠ, রহমতগঞ্জ ক্লাব মাঠ ও মোহাম্মদপুর মাঠে অনুষ্ঠিত হবে।