বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হলো ‘শিশু একাডেমি বইমেলা ২০১৪’। মঙ্গলবার বিকালে একাডেমির মতিউর মঞ্চে এই মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মেলার উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন এবং বাংলাদেশের জন্মদিন একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর কথা বললে বাংলাদেশ এবং বাংলাদেশের কথা বললে বঙ্গবন্ধু আসে। এই মহানপুরুষের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হতো না। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন আইটিআই-এর বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ।
বইমেলায় অংশ নিয়েছে ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা চালাকালীন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মুক্তিযু্দ্ধ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশের গান/মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প বলা ও বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতাসহ নানা রকম প্রতিযোগিতা ।
এছাড়া প্রতিদিনই বিকাল তিনটায় মেলার শহীদ মতিউর মুক্তমঞ্চে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অগ্রণী ব্যাংকের আর্থিক অনুদানে মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। আগামী ২৬ মার্চ শেষ হবে নয়দিনব্যাপী এই বইমেলা।
