অপচিকিত্সায় কারো মৃত্যু হলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:১৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন ছাড়া কাউকে চিকিত্সা করতে দেয়া হবে না। গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি বলেন, হাতুড়ে ডাক্তারেরা যেন চিকিত্সার নামে অপচিকিত্সা করে গ্রামের মানুষকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। অপচিকিত্সার কারণে কারো মৃত্যু হলে সরকার কঠোর ব্যবস্থা নিবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ এবং বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পর গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থানা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। এর আগে ঢাকা শিশু হাসপাতালের ম্যানেজিং কমিটির সভানেত্রী অধ্যাপক শাহ্লা খাতুনের নেতৃত্বে বোর্ডের সদস্যরা সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময়ে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মনজুর হোসেন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভুঁইয়া, সাবেক বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মো. মোতাহার হোসেন সাজু, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কাশেম হুমায়ুনসহ হাসপাতাল বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।