৩০ মার্চ অবস্থান কর্মসূচি প্রাথমিকের প্যানেলভুক্ত শিক্ষকদের

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:১৫
দ্রুত নিয়োগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা। এরই অংশ হিসাবে আগামী ৩০ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ প্যানেলভুক্ত শিক্ষক ঐক্যজোট’ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য সংগঠনের সভাপতি রবিউল ইসলাম জানান, সদ্য জাতীয়করণকৃত (সাবেক রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালে বিজ্ঞপ্তি দেয় সরকার। ১০ লাখেরও বেশি প্রার্থী আবেদন করেন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৪২ হাজার ৬১১ জন। এর মধ্যে ১৪ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। কিন্তু বাকিদের নিয়োগ দেয়ার আশ্বাস দেয়া হয়। প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের প্রতিনিধি সভা গত ১৬ মার্চ প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ শতভাগ পদোন্নতির দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার সুরীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক উজ্জল কুমার রায়-এর সভাপতিত্বে সদস্য সচিব শাহিনুর আল-আমীন কর্মসূচি ঘোষণা করেন। ১ এপ্রিল হতে ১০ এপ্রিল সকল প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ১ ঘন্টা করে কর্মবিরতি পালন এবং সকল প্রাথমিক সহকারী শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর দেশের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমাদান। ২ মে-এর মধ্যে দাবি মেনে নেয়া না হলে ৩ মে হতে ১২ মে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ২ ঘন্টা করে কর্মবিরতি পালন। ১৯ মে হতে পর্যায়ক্রমে দেশের ৬টি বিভাগে বিভাগীয় সম্মেলন শেষে ঢাকায় মহাসমাবেশ।