সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:১৬
রাজধানীর পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে এনামুল হক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতের এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হন। একই রাতে খিলগাঁও উড়াল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। এদিকে গতকাল মঙ্গলবার ভোরে রামপুরায় পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কায় পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। এছাড়া ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক বাড়ি থেকে মঙ্গলবার পুলিশ সুফিয়া খাতুন (১৩) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পল্টন থানা পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে পল্টন মোড়ে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী এনামুল হক ঘটনাস্থলেই নিহত হন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। এ ঘটনায় বাস ও ট্রাকের অন্তত তিন যাত্রী আহত হন। এদিকে, সোমবার রাত ১টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুই আরোহী বুয়েটের সিভিল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান ও মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র পল্লব কুমার আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের গাড়িতে বাসের ধাক্কা রামপুরা ব্রিজে পুলিশের একটি টহল গাড়িতে বাসের ধাক্কায় পুলিশ ও আনসার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।