ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘উঠে পড়ে’ লাগার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ ইমামরা। ইমামদের পক্ষে গতকাল কথা বলেন কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম মাওলানা বরকতি। তিনি মোদীকে ‘সুবিধাবাদী’ উল্লেখ মমতাকে তার বিরুদ্ধে সুর চড়ানোর আহ্বান জানান। একই সাথে তিনি মোদীর ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, যদি মমতা ব্যানার্জিকে তার ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে হয় তা হলে তাকেও মোদীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। রাহুল গান্ধী যেভাবে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থীকে কঠোর আক্রমণ করছেন মমতারও তেমনই করা উচিত বলে তিনি মন্তব্য করেন। খবর জি নিউজের।
লোকসভা নির্বাচনের আগে সবকটা রাজনৈতিক দল যখন ২৮ শতাংশ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে মরিয়া, তখন কলকাতা ইমামের এই মন্তব্য তাত্পর্যের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৪২ তম লোকসভা গঠনে সংখ্যালঘুদের ভোট অন্যতম নির্ণায়ক হয়ে উঠতে পারে। এটা বুঝেই সংখ্যালঘু ভোট চাইতে হাত পেতেছেন নরেন্দ্র মোদীও। মোদী কেন সংখ্যালঘুদের ভোট চাইছেন সেই প্রশ্ন করেন তিনি।
