লালদীঘিতে ২৪ মার্চ শুরু স্বাধীনতা মেলা

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:৫২
‘যুদ্ধাপরাধীদের বিনাশে স্বাধীনতার দ্রোহে ফিরে এসো চেতনায় একাত্তর’ স্লোগানকে ধারণ করে ঐতিহাসিক লালদীঘি মাঠে প্রতিবছরের মতো এবারো ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী স্বাধীনতা মেলা। ঐদিন বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী দিন সন্ধ্যায় স্বাধীনতা মেলা মঞ্চে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা বীরেন সিকদার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধারা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রতিদিন বিকাল থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে এক পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার মেলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন এতে সভাপতিত্ব করেন।