২০০৬-এ ‘গ্যাংস্টার’ দিয়ে বলিউডে যাত্রা শুরুর পর ৮ বছর সময় পেরিয়ে গেছে কঙ্গনা রানাওতের। প্রথম সারির নায়িকাদের কাতারে থাকতে না পারলেও বলিউডের মোটামুটি ব্যস্ত অভিনেত্রীদের একজন হিসেবে নিজের জায়গা করে নিতে পেরেছেন। গ্ল্যামারাস ইমেজেও তিনি যেমন দর্শক মনে আলোড়ন তুলেছেন, তেমনি জটিল চ্যালেঞ্জিং রোলেও নিজের অভিনয় সক্ষমতার প্রমাণ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ‘কুইন’ ছবিতে কঙ্গনার অভিনয় দর্শক-সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছে। বলিউডের অনেক জাঁদরেল তারকা ‘কুইন’ ছবিতে তার চমত্কার অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। কঙ্গনা রানাওতের অপূর্ব অভিনয়ের কৃতিত্ব ও ক্যারিয়ারের হালচাল নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
সুঅভিনয়ের জন্য কঙ্গনা রানাওত এর আগেও অনেকবার প্রশংসিত হয়েছেন। প্রথম অভিনীত ‘গ্যাংস্টার’ ছবিতেই তার অভিনয় দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল। এরপর ‘ওহ লামহে’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘ফ্যাশন’, ‘কাইটস’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘কৃষ থ্রি’, ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিগুলোতে কঙ্গনাকে ভিন্নধর্মী জটিল নারী চরিত্রে চমত্কার অভিনয় করতে দেখা গেছে। গেল বছর ‘রাজ্জো’ ছবিতে নাম ভূমিকায় একজন বাঈজি চরিত্রে তার অপূর্ব অভিনয় দর্শকদের হূদয় ছুঁয়ে গেছে। এভাবেই আবেদনময়ী নায়িকা পরিচয়ের পাশাপাশি একজন সুঅভিনেত্রী হিসেবে নিজের পরিচিতির বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। ‘ফ্যাশন’ ছবিতে সাহসী এবং অনবদ্য অভিনয়ের জন্য কঙ্গনা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে বেশ অনেকগুলো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন। তার সমসাময়িক অনেক নায়িকাই সুঅভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। এ ক্ষেত্রে কঙ্গনাকে সৌভাগ্যবতী বলা যায়। কারণ তিনি অনেকবার ভালো সুযোগ পেয়েছেন। চ্যালেঞ্জিং রোলে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগগুলো ঠিকঠাক মতো কাজে লাগিয়ে অনেকটা বাজিমাত করেছেন। তিনি অনুরাগ বসু থেকে শুরু করে রাকেশ রোশন, মিলন লুথারিয়া প্রমুখ প্রতিষ্ঠিত ও সফল পরিচালকদের ছবিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আসছেন। কয়েক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ‘কুইন’ ছবিটি। ছোট্ট মফস্বল শহর থেকে আসা দিল্লি শহরের এক তরুণী কুইন মেহরা। ভাইয়ের কঠোর শাসনের মধ্যে বেড়ে ওঠা সাধারণ ঘরকুনো মেয়েটির সঙ্গে তার প্রেমিকের বিয়ে অপ্রত্যাশিতভাবে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর হতাশায় বিপর্যস্ত না হয়ে কুইন সিদ্ধান্ত নেয় সে একাকী হানিমুনে বের হবে। মেয়েটি তার অনেক সীমাবদ্ধতা অগ্রাহ্য করে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্যারিস, অ্যামস্ট্রাডাম শহরে পৌঁছে যায় সে। সেখানে একাকী হানিমুনে গিয়ে বিচিত্রসব অভিজ্ঞতা অর্জন করে কুইন। নানা ঘটনার মধ্যে দিয়ে তার সময় কাটতে থাকে। এভাবে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। একজন নারী হিসেবে তারমধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে, নতুনভাবে জীবনটাকে সাজানোর অনুপ্রেরণা পায়। এমনই গল্পের ছবি ‘কুইন-এর প্রাণ হিসেবে পর্দায় উপস্থিত হয়েছেন কঙ্গনা। এ ছবিতে তার অপূর্ব অভিনয় দেখে দীপিকা পাড়ুকোন ভীষণভাবে আলোড়িত হয়েছেন। ‘কঙ্গনাকে আমার ভীষণ হিংসে হচ্ছে, কুইন ছবিতে সে এত ভালো অভিনয় করল কীভাবে ভেবে পাচ্ছি না’, সাম্প্রতিক সময়ে উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন হালের সবচেয়ে সফল বলিউড অভিনেত্রীটি। ওদিকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও ‘কুইন’ ছবিটি বেশ মনোযোগ দিয়ে দেখেছেন। তিনি ছবিটি দেখার পর কঙ্গনার অসাধারণ পারফর্মেন্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ‘কুইন’ ছবিটি নিয়ে কঙ্গনার নিজেরও অনেকটা উচ্চাশা ছিল। কারণ এ ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে তাকে। বক্স অফিসের সাফল্যের দৌড়ে ‘কুইন’ ছবিটি তেমন চমক দেখাতে না পারলেও কঙ্গনা রানাওতের অপূর্ব অভিনয়ে সমৃদ্ধ একটি অন্যরকম হিন্দি সিনেমা হিসেবে দর্শক-সমালোচকদের কাছে চিহ্নিত হয়েছে। সবাই এ ছবিতে সু-অভিনয়ের জন্য কঙ্গনার প্রশংসা করছেন।
বলিউডে কঙ্গনা রানাওতের ব্যস্ততা কোনোভাবেই কম নয়। তার অভিনীত ‘আই লাভ নিউ ইয়র্ক’ ছবিটি মুক্তির মিছিলে আছে অনেকদিন ধরেই। ওদিকে আগামী এপ্রিলে আসছে তার নতুন আরেকটি ছবি ‘উঙ্গলি’। এ ছবিতে ইমরান হাশমি, রণদীপ হুদা, সঞ্জয় দত্তের পাশের কঙ্গনাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে। কয়েক বছর আগের সফল ছবি ‘তানু ওয়েডস মানু’র সিক্যুয়েলে কাজ শুরু করছেন তিনি আগামী মাস থেকে। কঙ্গনার আরেকটি মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রিভলভার রানি’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ করা যাচ্ছে। এখানে অল্পবয়সী একজন রাজনৈতিক নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যার সঙ্গে বলিউডের একজন অভিনেতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজনৈতিক ধাঁচের ছবি হলেও এ ছবিতে দর্শক কঙ্গনাকে ভিন্ন ইমেজের আরেকটি চরিত্রে দেখতে পাবেন। গত বছরের আলোচিত ব্যবসা সফল ছবি, ‘কৃষ থ্রি’তে ভিন গ্রহের এক নারী কায়া চরিত্রে নেগেটিভ ইমেজে পর্দায় উপস্থিত হয়ে দুর্দান্ত সেন সেশনস সৃষ্টি করেছেন কঙ্গনা। সম্প্রতি পরিচালক রাকেশ রোশন তার আগামী ছবিতে ছেলে হূত্বিক রোশনের বিপরীতে অন্যতম প্রধান নায়িকা হিসেবে তাকে কাস্ট করেছেন। এ ছবিতে একজন আবেদনময়ী বহুরূপী চোরের ভূমিকায় কঙ্গনা অভিনয় করবেন। যে নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে ধনাঢ্য পুরুষদের আকৃষ্ট করে সুযোগ মতো তাদের অর্থ-বিত্ত লুটে নেয়। ছবিতে কঙ্গনাকে বেশ সাহসী দৃশ্যে অভিনয় করতে হচ্ছে। এসব দৃশ্যে হূত্বিক রোশন তার বিপরীতে অভিনয় করছেন।
