সময় এখন তার

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ১৯:১০
অভিনয়ের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে লাক্সসুন্দরী মেহজাবীনের মনে। তাই ভালো ভালো চরিত্রে অভিনয়ই পছন্দ করেন। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন তিনি। অভিনয়প্রেমী এই তরুণীকে নিয়ে লিখেছেন নওশীন শর্মিলী গতানুগতিক নায়িকা চরিত্রের মাঝে নিজেকে বন্দী করতে চান না মেহজাবীন। তার ভাষ্যে, ‘আমি লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছি বলে অনেকে হয়তো ধরে নিয়েছিলেন, অন্য কারো কারো মতো আমিও গতানুগতিক নায়িকা চরিত্রগুলোতে কাজ করব। কিন্তু তা না করে আমি একটু ভিন্ন পথে হেঁটেছি। আমি সবসময় সেই সব চরিত্রে কাজ করেছি, যেখানে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমার মনে হয় আমি কিছুটা হলেও পেরেছি।’ মেহজাবীনের তারকা হয়ে ওঠার গল্পটা রূপকথার মতোই। লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার উত্সাহী দর্শক মেহজাবীন টিভি পর্দায় গুণবতী সব রূপের রাজকুমারীদের দেখে অনুপ্রাণিত হন তাদের কাতারে সামিল হতে। বাঁধভাঙা উত্সাহের এ পথ ধরেই ২০০৯ সালের প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন, অংশগ্রহণ এবং নিজের যোগ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণ। আর ফলস্বরূপ আজকের এই তারকা মেহজাবীনের জন্ম। এর পরের গল্প সবারই জানা। এরইমধ্যে মেহজাবীন বেশ কিছু মানসম্পন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করেছেন। এর মধ্যে রয়েছে—লাক্স, সিঙ্গার ফ্রিজ ও এসি, লেজারথ্রিট, ফেয়ার অ্যান্ড লাভলির বডি লোশন, প্রাণ বাবল গাম, নাভানা রিয়েল এস্টেট ইত্যাদি। সম্প্রতি শেষ করলেন আরও নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। ‘গ্ল্যাক্সোজ’-এর বিজ্ঞাপনচিত্রে এবার জুটি বেঁধে ছোট পর্দায় উপস্থিত হতে দেখা যাবে মেহজাবিন ও ক্রিকেটার নাসির হোসেনকে। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের নির্দেশনায় একটু ভিন্ন ঘরানার গল্পভিত্তিক এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মেহজাবিন বলেন, ‘এবারই প্রথম কোনো ক্রিকেটারের সাথে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছি। অনেক কষ্ট হয়েছে আমাদের কাজটি করতে। কিন্তু তারপরও তৃপ্তি এখানেই যে খুব ভালো একটি কাজ হয়েছে। দর্শকের ভালো লাগবে—এটা নিশ্চিত বলতে পারি।’ শীঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। শুধু মডেল হিসেবেই নয়, মেহজাবীন অভিনয়েও ইতোমধ্যে চমক দেখাতে শুরু করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ‘গহীনে’, ‘একজন মায়াবতী’, ‘ছায়াসঙ্গী’, ‘কেন্ডিডেট’, ‘এসেছিল’, ‘বিষটোপ’, ‘যে পথে ভালোবাসা’ প্রভৃতি। এসব নাটকে মেহজাবীন সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। বর্তমান সময়ে মেহজাবীনের পথচলা শুরু হয়েছে একজন ভালো অভিনেত্রী হওয়া নিয়েই। এক সময় অভিনয় করা নিয়ে তার মধ্যে একটা সংশয় কাজ করেছিল। তিনি মনে করতেন, আমি কখনই অভিনয় করতে পারব না। কিন্তু এ প্রতিযোগিতার একটি পর্বে খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা যখন মেহজাবীনের অভিনয় দেখে বললেন, ‘তুমি পারবে বড় অভিনেত্রী হতে।’ আর প্রিয় শিল্পীর এই কমেন্ট মেহজাবীনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তার কথায়, ‘আমি জানি, একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য অনেক সাধনার দরকার হয়। আমি প্রস্তুত এই পথে হাঁটতে।’ লাক্সের ক্যাম্পে থাকার দিনগুলো তার কাছে অন্যতম শ্রেষ্ঠ সময়। এখান থেকেই অনেক কিছু অর্জন করেছেন এই কন্যা। ক্যাম্পের সোনালি সেই দিনগুলোর গল্প নিয়ে মেহজাবীন বলেন, ‘ক্যাম্পের দিনগুলো কখনও ভোলা যাবে না। ওখানে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল চমত্কার। এরফলে আমাদের কনফিডেন্স আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর এই অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি। টাইম সেন্স, ডিসিপ্লিনের ব্যাপারে আমি বরাবরই সচেতন ছিলাম। লাক্সে আসার পর সেই সচেতনতা আরও জোরদার হয়েছে।’ এই সময়ে বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহজাবীন। ভবিষ্যতের ভাবনার কথা জানতে চাইলে এই প্রতিভাময়ী অভিনেত্রী বলেন, ‘ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকের হূদয়ে টিকে থাকতে চাই। সর্বোপরি একজন ভালো অভিনয়শিল্পী হতে চাই।’