বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশনে বর্তমানে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘নারী’। এটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা মনন। এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, হাসিন রওশন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, লুত্ফর রহমান জর্জ, শামীমা তুষ্টি, সাজ্জাদ রেজা, পরী মনি প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, অসহায় রন্টি ছুটছে। মহা বিপদে পড়েছে সে। তার স্বামী আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণটা সে জানে না। এই শহরে আজাদ ছাড়া রন্টির আর কেউ নেই। একা মেয়ে রন্টি এখন কী করবে? প্রতিবেশী অ্যাডভোকেট মমিন সাহেবের কাছে আইনি সহযোগিতার জন্য গেলে তিনি রন্টিকে নিয়ে এক প্রকার খেলায় মেতে ওঠেন। রন্টি একসময় বুঝে যায় তাকে সহযোগিতা করবে না মমিন। উকিল, পুলিশ, গলির মোড়ের দোকানদার, অতি উত্সাহী ভাড়াটিয়া সবার চোখ উপেক্ষা করে তাকে এগিয়ে যেতে হবে। নানামুখী প্রতিকূলতার মধ্য দিয়ে নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘নারী’। এই নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ভিন্ন ধরনের গল্প নিয়ে এই ধারাবাহিক। এই নাটকে নানা সচেতনতামূলক মেসেজও আছে। সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।’ ধারাবাহিক নাটক ‘নারী’ প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা প্রচার হয়।
