নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে চলছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ সাত বছর পূর্তিতে চারদিনব্যাপী বর্ণাঢ্য শ্রুতিনাট্য উত্সব ও সুহূদ সম্মিলন।
গত ১২ মার্চ ছিল উত্সবের দ্বিতীয় দিন। এদিন মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ হয় তারুণ্যের উচ্ছ্বাসের শ্রুতিনাটক ‘ঝিলিমিলি’। কাজী নজরুল ইসলাম রচিত এ শ্রুতিনাট্যটির নির্দেশনায় ছিলেন রণজিত্ রক্ষিত। মঞ্চ ও আলোক পরিকল্পনায় অনুপ বড়ুয়া এবং আবহ সংগীতে ছিলেন মিঠু তলাপাত্র। নাটকটির পাঁচটি চরিত্রের কণ্ঠে ছিলেন মো. মুজাহিদুল ইসলাম, শামীমা ইয়াসমীন, শ্রাবণী দাশগুপ্তা, সাইদুর রহমান এবং সঙ্গীতা দেবী।
এর আগে বিকালের আয়োজনে শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে একক আবৃত্তি পরিবেশন করেন ভারতের আগরতলার আবৃত্তিশিল্পী পিনাকপানি দেব, ব্রাহ্মণবাড়ীয়ার মনির হোসেন এবং তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিশিল্পী মিঠু তলাপাত্র, মীর রাতুল হাসান, সুস্মিতা দত্ত, শান্তা সাহা, ইভা সাহা, অনির্বাণ চৌধুরী, সুমিতা দেবী, সাইমুন নাহার, হুমায়রা তাবাস্সুম ও অর্ণব চৌধুরী। স্বরচিত কবিতাপাঠ করেন কবি ওমর কায়সার, রাশেদ রউফ এবং আকতার হোসাইন। ফারুক তাহেরের রচনা ও নির্দেশনায় উচ্চারক আবৃত্তি কুঞ্জ পরিবেশন করে শ্রুতিনাটক ‘ব্লাক অ্যান্ড হোয়াইট সিন্ডিকেট’। এছাড়া ‘মশালের লাল ওই জ্বলছে’ শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস এবং রাশেদ রউফের কবিতা নিয়ে ‘একুশ একাত্তর বাংলাদেশ’ শিরোনামে শিশুতোষ বৃন্দ পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সুনন্দা রায় ও রুবেল চৌধুরী।
উত্সবের তৃতীয় দিন গত ১৩ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে একক পরিবেশনায় ছিলেন কাজী মাহতাব সুমন (কুমিল্লা), রাশেদ মাযহার (ফেনী), ফাল্গুনী দাশ হৈম (কক্সবাজার) এবং তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম, শ্রাবণী দাশগুপ্তা, সাইদুর রহমান, স্বপ্নীল বড়ুয়া, আনিকা মারজান, ইসরাত জাহান, রাজমনী সেন ও আল বাকী আকন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ (কুমিল্লা)। কবিতাপাঠ করেন কবি ওমর কায়সার, কবি কামরুল হাসান বাদল এবং ফারহানা আনন্দময়ী। শিশুতোষ বৃন্দ পরিবেশনায় ছিল তারুণ্যের উচ্ছ্বাস শিশু বিভাগ। সংগীত পরিবেশন করেন আল তুষি। মুক্তমঞ্চে কুমিল্লা অঞ্চলের ছয়টি আবৃত্তি সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন মহাভারত অবলম্বনে রিপোর্টারি শ্রুতিনাটক ‘প্রাগ যুগে পুরো ভাগে’। এদিন মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদ পরিবেশন করে শ্রুতিনাটক ‘রাজসভায় মাধবী’। নাটকটি রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন প্রশান্ত চক্রবর্তী।
