পতনের বৃত্তে ডিএসই’র সূচক

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ১৯:৫৪
টানা ৫ কর্মদিবস ধরে শেয়ারবাজারে দরপতন চলছে। সঙ্গে কমছে লেনদেনের পরিমাণও। মাঝে দুয়েকদিন সূচক বাড়লেও গত এক মাস ধরে পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকা। যা আগের কার্যদিবসে চেয়ে ১৫ কোটি ৩৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অনাপত্তিপত্র নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বেপজা থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ফার কেমিক্যালের কাছ থেকে অনাপত্তিপত্র চাওয়া হয়েছে। ডিএসই জানিয়েছে, ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠানগুলোকে অনাপত্তিপত্র ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন না দিতে বিএসইসি ও ডিএসইকে অনুরোধ জানায় বেপজা। এর প্রেক্ষিতে বেপজার অনাপত্তিপত্র ডিএসইতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ফার কেমিক্যালের অনাপত্তিপত্র দেয়ার বিষয়টি বেপজায় প্রক্রিয়াধীন রয়েছে। ডিএসই সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া দি পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেডের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। আবেদনের অর্থ নেয়া শেষ হবে ৩ এপ্রিল। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১২ এপ্রিল পর্যন্ত। পেনিনসুলা চট্টগ্রাম শেয়ারবাজারে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে হোটেল সমপ্রসারণে ৭ কোটি টাকা, চট্টগ্রাম বিমান বন্দরের কাছে আরেকটি নতুন হোটেল নির্মাণে ১৪১ কোটি ৫ লাখ ২৬ হাজার ৭৬৬ টাকা এবং ৩ কোটি ৬৫ লাখ টাকা আইপিও খাতে ব্যয় করা হবে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৩ দশমিক ৭৩ টাকা।