‘দৃষ্টি জুড়ে দেশ’—এই স্লে¬াগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। আগামী ৩১ মার্চ অষ্টম বছর শেষে নবম বছরে পদার্পণ করছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘আগামী ৩১ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকীতে নবম বছরের যাত্রাকে আমরা উদ্যাপন করব দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে। প্রতিটি অনুষ্ঠানেই ভালো চমক রাখার চেষ্টা করব আমরা। প্রতিটি অনুষ্ঠানই যেন দর্শকদের কাছে বিশেষ অনুষ্ঠানের মতো মনে হয় সেদিকে লক্ষ্য রেখেই সাজিয়েছি।’ উল্লেখ্য, ৩০ তারিখ রাত ১২টা ১ মিনিটে থাকবে বিশিষ্ট জনদের উপস্থিতিতে বিশেষ কেক কাটার অনুষ্ঠান ‘দৃষ্টি জুড়ে দেশ :নবম বর্ষে আমরা’। তিনটি স্টুডিও থেকে সরাসরি গান, শুভেচ্ছা গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি সারাদিন প্রচার হবে ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অন্যান্য বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র্যালিসহ বিশেষ অনুষ্ঠানের খবর।’ তিন পর্বের বিশেষ নাটক ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টা ৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রচার হবে বিশেষ রোড শো ‘বাংলার পথে বাংলাভিশন রথে’।
