শত প্রতিকূলতা সত্ত্বেও বিগত ২০১২-১৩ অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ৬ মাসে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ওভেন গার্মেন্টসে ১৮ দশমিক ১৩ শতাংশ এবং নিট গার্মেন্টসে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিএমইএ চট্টগ্রাম ভবনে আগামী ২০ মার্চ সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে (জিমনেশিয়াম) তিনদিনব্যাপী চিটাগাং এপারেল ফ্যাব্রিক এন্ড এক্সেসরিস এক্সপোজিশন’১৪ (কাফেক্সপো) উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দীন আহমেদ চৌধুরী উপরের কথাগুলো বলেন। তিনি এক লিখিত বক্তব্যে বলেন, ২০ মার্চ সকালে চট্টগ্রামে আয়োজিত তৈরি পোশাক শিল্প মেলার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ২২ মার্চ বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
