সহযোগিতার ক্ষেত্রে শ্রমিক অধিকারকেই অগ্রাধিকার দেয় ইইউ

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২০:১৩
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হল শ্রমিক অধিকার। এই বঞ্চিত চা উত্পাদক জনগোষ্ঠীর জীবনমান মানবিক পর্যায়ে উন্নীত করা সবার জন্যই অতীব জরুরি। গত সোমবার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে শ্রমিক ও স্বল্প পরিচিত জাতিগোষ্ঠী-গুলোর জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়ন সংক্রান্ত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেমিনারে ইআইডিএইচআর-এর প্রজেক্ট ম্যানেজার জুলিয়া জ্যাকবি উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘সেডে’র সম্পাদক ফিলিপ গাইন, চা শ্রমিক নেতা বিজয় বনার্জী ও রামভজন কৈরী। চা শ্রমিক ও স্বল্প পরিচিত জাতিস্বত্তার উপর গবেষণা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে সোসাইটি ফর এনভার্নমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট (সেড)। প্রকল্পটিতে প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেড সূত্র জানায়, বাংলাদেশের চা শ্রমিকদের বঞ্চনার বিষয়টি বোঝা যায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চা শ্রমিকদের মজুরির সাথে তাদের মজুরির তুলনা করা হলে। এদেশে যখন একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ৬৯ টাকা, শ্রীলংকায় একজন চা শ্রমিক পায় ৫৫০ রুপি (প্রায় ৩২৮ টাকা), যা বাংলাদেশের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।