সোমালিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বুলো-বার্দের একটি হোটেলে হামলা চালিয়ে সোমবার এক শীর্ষ সেনা কর্মকর্তাসহ ৩০ জনকে হত্যার দাবি করেছে দেশটির জঙ্গী সংগঠন আল-শাবাব। মাত্র কয়েকদিন আগে বুলো-বার্দের নিয়ন্ত্রণ হারায় আল-শাবাব। আফ্রিকান ইউনিয়ন ও সোমালি সেনারা শহরের ঐ হোটেলটি ব্যবহার করে আসছিলেন। মঙ্গলবার আল-শাবাবের এক মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, প্রথমে একটি গাড়িবোমা নিয়ে এক মুজাহিদ হোটেলটিতে প্রবেশ করে। তাকে অনুসরণ করে ভারি অস্ত্রে সজ্জিত দু’জন যোদ্ধা গুলি করতে করতে এগিয়ে যায়।’ হামলায় ৩২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। বুলোবার্দে শহরের এক বাসিন্দা হুসেন নুর জানিয়েছেন, সোমবার রাতে শহরের ক্যামালো হোটেলে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এরপর সেনাদের সঙ্গে জঙ্গিদের কয়েকঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। দুই দশকের গৃহযুদ্ধে সোমালিয়ার বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে, একইদিন দেশটির রাজধানী মোগাদিসুতে এক সেনা গাড়িবহরের ওপর আল-শাবাব বিদ্রোহীদের হামলায় চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন এক সেনা ক্যাপ্টেন। রাজধানীর ওই হামলার পরপরই বুলোবার্দের আবাসিক হোটেলে অপর হামলাটি চালানো হয়। উল্লেখ্য, সোমলিয়ার দখলকৃত এলাকাগুলো থেকে আল-শাবাবকে হটাতে বেশ কয়েক বছর যাবত্ অভিযান শুরু করেছে আফ্রিকান ইউনিয়ন বাহিনী এএমআইএসওএম। আল-শাবাবও সমানতালে এর পাল্টা জবাব দিচ্ছে।
