সিরিয়ায় যুদ্ধাপরাধীর তালিকা দীর্ঘ হচ্ছে

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২১:৪৪
সিরিয়ার গৃহযুদ্ধে নৃশংসতা বাড়তে থাকার মধ্যদিয়ে যুদ্ধাপরাধীদের তালিকা দীর্ঘ হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার তদন্তকারীরা সমপ্রতি কয়েক সপ্তাহে সিরিয়া সরকার এবং বিদ্রোহী দু’পক্ষেরই কাছ থেকেই নতুন করে দফায় দফায় নৃশংসতার আলামত পেয়ে যুদ্ধাপরাধী সন্দেহে আরো নাম তালিকাভুক্ত করেছেন। তদন্তদলের প্রধান মঙ্গলবার একথা জানান। জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রধান তদন্ত কর্মকর্তা পাওলো পিনহেরিও বলেন, সিরিয়ায় সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর পাশাপাশি বিদ্রোহী গ্রুপগুলোরও নৃশংসতা চালানোর নতুন আলামত পেয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা। সিরিয়ার দু’পক্ষের সন্দেহভাজন যুদ্ধাপরাধীর গোপন ৪টি তালিকা আবার নতুন করে করা হয়েছে। এ তালিকায় তাদের নামই অন্তর্ভুক্ত করা হয়েছে যারা লোকজনকে জিম্মি করা, নির্যাতন করা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দায়ী, বলেন পিনহেরিও। তাছাড়া, তালিকায় বিভিন্ন গোয়েন্দা শাখার প্রধানদের নামসহ বন্দিশিবিরগুলোর নাম আছে। যেসব বন্দিশালায় বন্দি নির্যাতন করা হয়। সামরিক কমান্ডারদের নামও তালিকায় আছে যারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তালিকায় আরো আছে সেইসব বিমানবন্দরের নাম যেখান থেকে পরিকল্পিতভাবে ব্যারেল বোমা হামলা চালানো হচ্ছে। এছাড়া, সশস্ত্র যে গ্রুপগুলো বেসামরিক নাগরিকদেরকে হামলার লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারাও এ তালিকাভুক্ত। নতুন প্রতিবেদনে সিরিয়া বিষয়ক জাতিসংঘ তদন্ত কমিশন বলেছে, ২০ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সহিংসতা বেড়েছে।