স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর এবারই প্রথম বঙ্গবন্ধুকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে সাজানো হয় আগারগাঁওস্থ জাতীয় বেতার ভবন তথা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রধান ফটক। একই সঙ্গে প্রথমবারের মতো জাতির জনকের ছবি স্থান পেয়েছে উপ-পরিচালক (অনুষ্ঠান)-এর দফতরে।
অথচ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার না করায় শাহবাগের তত্কালীন পাকিস্তান ঢাকা কেন্দ্র বন্ধ করে নতুন নামকরণ ‘ঢাকা বেতার কেন্দ্র’ করেছিলেন বেতার কর্মীরা। আর এরই পথ ধরে মুক্তিযুদ্ধের অন্যতম একটি সেক্টর হিসাবে রূপান্তর হয়েছিল ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’।
জানা গেছে, বর্তমানে বেতারের ঢাকা কেন্দ্র থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব, তাঁর কথা’ শিরোনামে একটি পাঁচ মিনিটের অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠের এই অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও প্রযোজনায় আছেন কবি জাহিদুল হক। অনুষ্ঠানটি একই দিন পুনঃপ্রচারিত হচ্ছে ট্রাফিক সম্প্রচার ৮৮.৮ এফএম থেকে সকাল ৮টা ৩৫ মিনিটে এবং ১০৩ এফএম থেকে রাত ৮টায়।
