বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর পাঠশালা’

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২১:৪৮
দেশে প্রথম অনলাইনে বইপড়া কর্মসূচির উদ্বোধন হলো। ভাল বইপড়ার মাধ্যমে মানুষের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র নতুন নতুন উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় উদ্বোধন হলো এ কর্মসূচি। নতুন এই কর্মসূচিটির নাম ‘আলোর পাঠশালা’। বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনাতনে ‘আলোর পাঠশালা’ নামের ওয়েবসাইটটি উদ্বোধনের মধ্য দিয়ে সকলের জন্য তা উন্মুক্ত করা হয়। ওয়েবসাইট উদ্বোধন করেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এস. মাহমুদ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক প্রমুখ। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, আলোকিত মানুষ গড়ার যে কর্মসূচি তা দেশের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা মন্ত্রণালয় সবসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাশে থাকবে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, কেন্দ্রের নিজস্ব প্রকাশনার ৭২টি বই নিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। যারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তাদের অনলাইনে একটি ছোট্ট মূল্যায়ন পর্বে অংশগ্রহণ করতে হবে। প্রতি ৪টি বই পড়ার জন্য একজন পাঠক ১টি করে বই পুরস্কার পাবেন। তিনমাস পর পর পুরস্কারের বই ডাক/কুরিয়ার যোগে পাঠকের ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। কর্মসূচির স্পন্সর গ্রামীণফোন লিমিটেড।