কারো পরামর্শের অপেক্ষা নয়। নিজ উদ্যোগে একসাথে একই জমিতে তিন ধরনের ফসল চাষ করে এলাকায় চমক সৃষ্টি করেছে আবু বক্কর সিদ্দিক নামের এক চাষী। নিজস্ব জমির পরিমাণ কম থাকলেও বর্গা নেয়া এক খণ্ড জমিতে আলু, রসুন ও পটল চাষ করেছেন আবু বক্কর। ইতিমধ্যে আলু উত্তোলন করেছেন।
মহীয়সী বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের পায়রাবন্দ ইউনিয়নের বাসিন্দা জয়রামপুর আনোয়ার গ্রামের আবু বক্কর সিদ্দিক (৪৫) একজন ক্ষুদ্র কৃষক। তার বাবার নাম মকর আলী। বাড়ি ভিটাসহ মাত্র ৮০ শতাংশ জমি তার নিজস্ব। এর মধ্যে ৬০ শতাংশ নিজ জমি এবং বাকি ৫০ শতাংশ জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তিনি। দাম্পত্য জীবনের প্রথম সন্তান মনোয়ার হোসেন জন্ম নেয় বাকশ্রবণ প্রতিবন্ধী হয়ে।
বর্তমান বয়স তার ১৭ বছর। দ্বিতীয় সন্তান অনোয়ার হোসেন। বয়স সবেমাত্র ৭ বছর। চাষী বক্করের নিজের লেখাপড়া মাধ্যমিক স্তর। স্ত্রী মনোয়ারা বেগম বাড়ির এলাকায় একটি ব্র্যাক স্কুলের শিক্ষকতা করেন। এসব মিলেই সংসার পরিচালনায় অল্প জমিতে বেশি আয়ের স্বপ্ন দেখেন বক্কর। এদিকে ৩০ শতাংশ জমিতে চলতি মৌসুমে আলু চাষ করেন এবং একই জমিতে রসুন ও পটল চাষ করেন সারিবদ্ধভাবে। রাস্তার পার্শ্বে ওই জমিতে তিন ফসলের সমারোহ।
