প্রথম ম্যাচে এক ব্রেন্ডন ম্যাককালাম জ্বলে উঠেও জয় নিশ্চিত করতে পারেননি। গতকাল বুধবার তিনি ছাড়াও জ্বলে উঠেছিলেন মার্টিন ও কোরি অ্যান্ডারসনরা। তাতেও ভাগ্যের খুব একটা পরিবর্তন হল না ব্ল্যাক ক্যাপসদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচেও হারতে হল তাদের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে তিন রানে হারলো নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে প্রথম কোন দল হিসেবে ২০০ রান তোলে।
ঝড়টা শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। মাত্র আট ওভারে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১১৩ রান। ওয়ার্নার ৬৫ ও ফিঞ্চ ৪৭ রান করেন। প্রস্তুতি ম্যাচ বলেই কিনা এই অবস্থা থেকে দুইজনই সাজঘরে চলে যান অন্যদের সুযোগ নিতে। আর এই সুযোগ নিয়ে কিছুটা হলেও ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড।
উইকেট পতনের সাথে সাথে কমতে থাকে তার তোলার গতি। পরের ব্যাটসম্যানদের মধ্যে শেন ওয়াটসন ২৯ ও ব্র্যাড হজ ২৫ রান করেন। নিউজিল্যান্ডের কাইল মিলস দুটি উইকেট নেন। জবাবে টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের গতির সাথে তাল রেখেই এগোচ্ছিল নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল ৬২ ও অধিনায়ক ম্যাককালাম ৩৭ রান করার পর কিছুটা খেই হারিয়ে ফেলে তারা। কোরি অ্যান্ডারসন (২৯) ও লুক রঞ্চিও (২১) চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
নয় রানের মধ্যে শেষ চারটি উইকেটের পতন ঘটে। শেষ বল পর্যন্ত লড়াই করে সবগুলো উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করতে পারে নিউজিল্যান্ড। হারতে হয় তিন রানে। এর অর্থ দাঁড়ালো, প্রস্তুতি ম্যাচে কোন জয় ছাড়াই সুপার টেনের লড়াইয়ে নামতে হচ্ছে তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
টস: অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২০০/৭ (ওয়ার্নার ৬৫, ফিঞ্চ ৪৭, ওয়াটসন ২৭, হজ ২৫; মিল ২/২১)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৭/৯ (গাপটিল ৬২, ম্যাককালাম ৩৭, কোরি ২৯; স্টার্ক ২/২১, নাথান ২/৩৬, হগ ২/৩৬, জেমস ২/৪০)
ফল: অস্ট্রেলিয়া ৩ রানে জয়ী।
