পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে আবাহনী। এর জন্য তাদের বিদেশি খেলোয়াড় তালিকা নতুন করে সাজাতে উদ্যোগ নিয়েছে। চূড়ান্ত করার আগে নতুন ফুটবলারদের ট্রায়াল দিতে হবে। আর ট্রায়াল দিতে ঢাকায় এসেছেন তিন ফুটবলার। সিয়েরা লিওনের ওমারু সৌমা, পর্তুগালের ওসেরয়, এবং হাইতির ওয়ালসন অগাস্টিন। স্ট্রাইকার ওয়ালসন জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনটি। হাইতির এই ফুটবলার খেলেছেন সনি নরদে এবং শেখ রাসেলে আসা প্যাসকেল মিলিয়ের সঙ্গি হয়ে। আবাহনীতে আরো ফুটবলার আসছেন ট্রায়াল দিতে। গতকাল রাতে ঢাকায় আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকান দুই ফুটবলার। একজন প্রিন্স উইলসন দ্বিতীয়জন ডুমিসানি মাইকেল। আবাহনী তাদের ব্রাজিলিয়ান দুই ফুটবলারকে দেশে ফেরত পাঠিয়েছে। তবে বিদেশি ফুটবলার যিনি বাছাই করবেন আবাহনীর ইরানী কোচ আলী আকবর এক সপ্তাহের ছুটিতে গেছেন। তার ফেরার কথা রয়েছে শনিবার।
