কুয়াশার কারণে গতকাল বুধবার রাত সাড়ে ৩ টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকে। এতে দৌলতদিয়ায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীসহ অন্তত ৫শ যানবাহন আটকা পড়ে। এ রিপোর্ট গতকাল রাত ১০ টায় লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এতে যাত্রী-চালকরা প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাত্ করে নদী এলাকায় বুধবার রাত ৩টা থেকে কুয়াশা পড়তে শুরু করলে ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি, শাহ আলী, শাহ পরান ও শাহ মখদুম এবং কেটাইপ ফেরি কাবেরী শতাধিক যানবাহন ও কয়েক’শ যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে বুধবার সকাল সোয়া ৮টার দিকে প্রায় ৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়। এতে দৌলতদিয়া প্রান্তে ৪ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫শ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের এজিএম জিল্লুর রহমান বলেন, দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
