শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:২২
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের স্থগিত নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ছয় জেলার ৭ উপজেলার স্থগিত ১৪টি কেন্দ্রের পুনঃভোট আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। গত ১৫ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা বন্ধ রাখা হয়েছিল। গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইসি সূত্র জানায়, গত ১৫ মার্চ গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ৮ মার্চ দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হলে ইসি নির্বাচন স্থগিত ঘোষণা করে। অন্যদিকে সাত উপজেলার স্থগিত কেন্দ্রগুলো হলো: চাঁদপুরের হাজীগঞ্জে ২টি কেন্দ্র, লক্ষ্নীপুরের কমলনগরে ১টি, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১টি, বরিশালের হিজলায় ৩টি, কুমিল্লার তিতাসে ১টি এবং ময়মনসিংহের গৌরিপুরে ৩টি ও মুক্তাগাছায় ৩টি কেন্দ্র। শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, নির্বাচনের তারিখ পুনরায় ঘোষণা হওয়ায় শ্রীপুরে ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ১৯ দল সমর্থিত প্রার্থী আব্দুল মোতালেব জোরেসোরে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ সহিংসতার আগে ইকবাল হোসেন সবুজকে দলীয় প্রার্থী ঘোষণা করলেও সহিংসতার পরে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে আব্দুল জলিলকে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে।