তুচ্ছ ঘটনার জের ধরে নারায়ণগঞ্জে সুজন মীর (২৫) নামে এক গার্মেন্টস মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিরোধকারীরা তাকে পিটিয়ে আহত করার ১১ দিন পর গতকাল বুধবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা এলাকায় বিক্ষোভ মিছিল করে। নিহত সুজন শহরের দেওভোগ কাটা মার্কেট প্যারাগন গার্মেন্টসের মালিক। তিনি দেওভোগ খানকা রোড এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আরিফুর জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসমিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত সুজনের বড় ভাই রিপন বলেন, জমি ও আমগাছ বিক্রি নিয়ে সুজনের সাথে তার খালাতো ভাই সোহেল, মাসুদ, জসীম, আলমগীর, ওয়াসিমসহ অন্যদের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে গত ৯ মার্চ রাত ১১টায় সুজনকে বেজবল খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে বিরোধকারীরা। এতে মারাত্মক আহত অবস্থায় প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান।
