ভারতের শৈলজানন্দ পুরস্কার পাচ্ছেন জয়া আহসান

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২০:১২
‘আমি বড় হবো’, ‘ব্লাইন্ড লেইন’, ‘সন্ধ্যা বেলার রূপকথা’, ‘শহর থেকে দূরে’—এ রকম অসংখ্য বাংলা ছবির নির্মাতা শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবারও কলকাতায় প্রদান করা হচ্ছে শৈলজানন্দ পদক। ২০১৩ সালে কলকাতার শিল্প-সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য আটজনকে এবার এই সম্মাননা দেওয়া হচ্ছে। অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবিতে অভিনয়ের জন্য আমাদের জয়া আহসান এবার এই বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন। জয়া ছাড়াও এবার পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত, মানু মুখার্জি, পীযূষ গাঙ্গুলি, অনিক দত্ত, সত্যভাষীশ মুখার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং অরুণিমা ঘোষ। এই পুরস্কার গ্রহণ করতে জয়া এখন কলকাতায় অবস্থান করছেন। আজ রবীন্দ্র সদনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিমানে ওঠার আগে জয়া বলেন, ‘সব কিছু ঠিক থাকলে এ বছর আরেকটি ভারতীয় বাংলা ছবিতে কাজ করতে পারি।’