ফার্নিচার মেলা শুরু রবিবার

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:০৪
রাজধানীতে তৃতীয়বারের মত বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকর এক্সপো-২০১৪ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এ মেলা শুরু হবে রবিবার। চলবে মঙ্গলবার পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতি, বাংলাক্রাফ্ট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সম্মিলিত উদ্যোগে এ মেলা হচ্ছে। গতকাল ইপিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমঘন ফার্নিচার ও ফার্নিচার সংশ্লিষ্ট খাতসমূহকে বিদেশি ক্রেতার নিকট তুলে ধরা। এছাড়া এসব খাতে বেশি কর্মসংস্থান সৃষ্টিতে কম পণ্যের উপর দেশের রফতানি নির্ভরতা সংক্রান্ত দুর্বলতা কমানোর মাধ্যমে সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করাও অন্যতম লক্ষ্য। সংবাদ সম্মেলনে ইপিবি’র ভাইস চেয়্যারম্যান শুভাশীষ বসু, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার’র নির্বাহী পরিচালক খোন্দকার মোখলেছুর রহমান, ফার্নিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাক্রাফটের সভাপতি এসইউ হায়দার, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন শাহেদুল ইসলাম হেলাল এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি’র সভাপতি সেলিম এইচ রহমান উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুুক্ত থাকবে। ফার্নিচার ও ফার্নিচার সংশ্লিষ্ট খাতসমূহকে বিদেশি ক্রেতার নিকট তুলে ধরার লক্ষ্যে এ বছর এ খাত সংশ্লিষ্ট ৫১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিবে।