বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতদের।
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী
ও গৃহবধূর মৃত্যু
বরিশাল অফিস \ আগৈলঝাড়ায় বিষপানে স্কুল ছাত্রী ও গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সেলিম খান জানান, উপজেলার কুড়লিয়া গ্রামের বাদল বাড়ৈর কন্যা দশম শ্রেণির ছাত্রী ববি বাড়ৈ বিকেলে বিষপান করেন। কাছাকাছি সময়ে কোদালধোয়া গ্রামের কাঠ মিস্ত্রী বিধান বাড়ৈর স্ত্রী এক সন্তানের জননী পার্বতী বাড়ৈ (২০) বিষপান করে। তাদেরকে সন্ধ্যার পর হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় বলে ডাঃ সেলিম জানান।
পূর্বধলায় যুবকের
লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আবুবকর (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের কালা মিয়ার ছেলে।
মহেশপুরে যুবকের
গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি গ্রামের একটি সেগুন বাগান থেকে মাসুম হোসেন নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান. নিহত মাসুম কোটচাঁদপুর শহরের গোডাউন পাড়ার আব্দুল কাদের ওরফে সজিব আহম্মেদের ছেলে। সেগুন বাগানের ভিতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ঝিনাইদহ মর্গে পোষ্ট মর্টেমের জন্য পাঠিয়েছে।
পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সীতা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মতিউর রহমান মতি (৩৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, পারিবারিক কারণে অভিমান করে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে পাঁচবিবি থানায় ইউডি মামলা হয়েছে।
মুক্তাগাছায় কৃষক খুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরকা গ্রাম থেকে নিখোঁজ কৃষক সুলতান উদ্দিন-এর লাশ বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ মঙ্গলবাড়ি গ্রামের একটি খাল থেকে উদ্ধার করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ফুলবাড়ীয়ায় যুবকের
গলাকাটা লাশ উদ্ধার
অপহরণের ৩ দিন পর ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের মন্ডলবাড়ী গ্রাম থেকে সুলতান (৩২) নামের যুবকের গলাকাটা লাশ বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী আয়মন নদী থেকে উদ্ধার করে পুলিশ।
লোহাগড়ায় কিশোরীকে
শ্বাসরোধ করে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিডাঙ্গা গ্রামে এক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম লতুফা খানম (১৭)। লতুফা মাটিডাঙ্গা গ্রামের দুলু মোল্যার মেয়ে। বাড়ি পাশের একটি গম ক্ষেত থেকে বুধবার দুপুরে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
বড়াইগ্রামে বিষপানে
গৃহবধূর আত্মহত্যা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোলে পারিবারিক কলহের জের ধরে গতকাল বুধবার আম্বিয়া বেগম নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। নিহত আম্বিয়া পারকোল গ্রামের মফিদুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
ফকিরহাটে পৃথক স্থানে
দুই জনের মৃত্যু
বাগেরহাট জেলার ফকিরহাটে কৃষি ব্যাংকে বয়স্ক ভাতার টাকা নিতে এসে মোটর সাইকেল চাপায় রাবেয়া বেগম নামের একজন বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার টাউন নওয়াপাড়া বাজার এলাকায়। বালিয়াডাঙ্গা এলাকার মৃত ইউসুফ আলীর স্ত্রী রাবেয়া বেগম টাউন নওয়াপাড়া বাজার এলাকার কৃষি ব্যাংক হতে বয়স্ক ভাতার টাকা নিতে আসলে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে সে হাসপাতালে মৃত্যুবরণ করে। অপরদিকে বেতাগায় দেনার বোঝা বইতে না পেরে মঙ্গলবার গভীর রাতে গলায় রশি দিয়ে একজন কৃষক আত্মহত্যা করেছে।
