ইসরাইলের জেরুজালেম পৌরসভা অধিকৃত পশ্চিম তীরের দুটি ইহুদি বসতিতে ১৮৪টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে করে নতুন করে ক্ষুব্ধ হয়েছে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা প্রক্রিয়ায় নিয়োজিত ফিলিস্তিন।
ক্ষোভ প্রকাশ করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর ঊর্ধ্বতন সদস্য হানান আশরাওয়ি বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনা বানচাল করতে চাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইল যে চলমান আলোচনা প্রক্রিয়া ধ্বংস করতে এবং গোটা অঞ্চলে সহিংসতা ও উগ্রবাদ উস্কে দিতে সম্ভাব্য সবকিছু করেছে তা স্পষ্ট হয়ে গেছে।
পৌরসভার মুখপাত্র বলেন, স্থানীয় পরিকল্পনা কমিটি বহু বছর আগে কিনে রাখা জমির বেসরকারি ঠিকাদারদের অনুরোধে হার হোমায় ১৪৪টি এবং পিসগাত জিভ এ ৪০টি নতুন বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে। —বিডিনিউজ
