মিসরে পুলিশের সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষ নিহত ১

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২০
মিসরের দক্ষিণাঞ্চলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছে এক ১৩ বছরের বালক। কয়েক মাসের মধ্যে মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলার এ সময়ে দেশটিতে রাজনৈতিক সহিংসতা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। -বিডিনিউজ এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, কায়রোর দক্ষিণে বেনি সুয়েফ শহরে মুরসিপন্থিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৩ বছরের ওই বালক গুলিতে নিহত হয়। আরো ১২ বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী কায়রোয় শুরু হয়েছে বিক্ষোভ। কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে সংঘর্ষে আহত হয়েছে ৪০ জন মুরসি সমর্থক। অন্যদিকে, কায়রোর উত্তরে কালুবিয়ায় মুসলিম জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই সেনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লড়াইয়ে আরো ৬ জঙ্গি নিহত এবং ৮ জন গ্রেফতার হওয়ার কথা জানিয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, মিসরের সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিস-এর সদস্যদের হামলায় গুলিতে নিহত হয়েছেন এক ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল। দু’জনই বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ ছিলেন।