নারীর অধিকারসহ জাতিসংঘের প্রস্তাবে অনুমোদন সৌদির

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২১
নারীর অধিকারসহ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের করা ২২৫টি প্রস্তাবনার ১৮১টি প্রস্তাবনাই গ্রহণ করেছে সৌদি আরব। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ২৫তম অধিবেশনে এসব প্রস্তাবনা গ্রহণ করায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে এসব প্রস্তাবনাকে শুধু কাগজে-কলমে অনুমোদন না করে বাস্তবে পালন করার প্রতিও আহবান জানিয়েছে সংস্থাটি। জেনেভায় ঐ অধিবেশনে ১৪৫টি প্রস্তাবনা পুরোপুরি এবং ৩৬টি প্রস্তাবনা আংশিকভাবে গ্রহণ করে সৌদি আরব। অনুমোদন করা প্রস্তাবনাগুলোর মধ্যে সৌদি আরবে স্বাধীনভাবে মানবাধিকার সংগঠনকে কাজ করার অধিকার দেয়া হয়েছে। এছাড়া নারীদের ওপর পুরুষের অভিভাবকত্ব বিষয়ক একটি প্রস্তাবনাও গ্রহণ করেছে দেশটি। তবে ৩৮টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে এবং ৬টি প্রস্তাবনার কোন জবাব দেয়নি সৌদি আরব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব প্রস্তাবনার বিষয়ে সৌদি আরবকে আরো স্পষ্ট অবস্থান জানানোর অনুরোধ করেছে। ২০১৩ সালের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ১৭তম অধিবেশনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদির কাছে ২২৫টি প্রস্তাবনা করে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, যদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তবে যে প্রস্তাবনাগুলো গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে তাদের। গ্রহণ করা প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে পারলে অন্তত নারীর অধিকার ও ন্যায়বিচারের পথ সুগম হবে দেশটিতে।