ইরানের পরমাণু কর্মসূচির ওপর একটি ব্যাপকভিত্তিক চুক্তি সই করার বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দেশটির গণমাধ্যমের সাথে সাক্ষাত্কালে তিনি একথা জানান। এর আগে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা ফার্স জানায়, দেশের জনগণের অধিকার ও ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাদের সাথে একটি আপসে আসা সম্ভব। এর আগে ভিয়েনায় দু’দিনের বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এ্যাস্টোন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ এবং আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানান তারা। এছাড়া আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আরাকের শক্তিশালী পরমাণু চুল্লি, বেসামরিক পরমাণু সহযোগিতা এবং নিয়েধাজ্ঞাসহ আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রবিষয়ক প্রধান। তাছাড়া আগামী মাসে অস্ট্রিয়ার রাজধানীতে আবারো বৈঠকে বসতে একমত হন তারা।
এদিকে গত নভেম্বরে ইরান ও ছয়জাতি (ইউএস, ইউকে, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি) আলোচনায় অন্তর্বর্তীকালীন একটি চুক্তিতে পৌঁছায় ইরান। এসময় কিছু জায়গায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কমিয়ে আনবে বলে রাজি হয় তেহরান। অন্যদিকে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্যই করা হচ্ছে বলে জানিয়ে আসছে ইরান। এছাড়া নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়ছে বলে তারা এর সমাপ্তি চায়।
