সংবাদ কণিকা

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২২
ঝড়ে ফসল নষ্ট, কৃষকের আত্মহত্যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিদর্ভ এলাকার ৬২ বছর বয়সী কৃষক বাপু রামচন্দ্র পাওয়ার বিষপান করে আত্মহত্যা করেছেন। গত কয়েকদিনে অবশ্য এমন বেশ কয়েকজন কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। কিন্তু এর পিছনে কারণ কী? মহারাষ্ট্র রাজ্যের পূর্বাঞ্চলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অস্বাভাবিক ঝড়-বৃষ্টি হওয়ায় অনেক কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যায়। এই ধাক্কা সইতে না পেরে অনেক কৃষক নিজেই নিজের জীবন নিয়ে নেন। সরকারি হিসেবে সংখ্যাটা সাত হলেও অত্র অঞ্চলের কৃষকদের একটি অ্যাডভোকেসি গোষ্ঠী ‘বিদর্ভ জন আন্দোলন সমিতি’ বলছে, ঝড়-বৃষ্টির শুরুর পর থেকে তাঁরা ৩২ জন কৃষকের আত্মহত্যার খবর পেয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও জানান সমিতির প্রেসিডেন্ট কিশোর তিওয়ারি। তিনি বলেন, ‘‘ময়না তদন্ত শেষ হওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” —ডয়চে ভেলে বাড়ছে জার্মান সাংসদের বেতন জার্মান সাংসদরা নিজেদের বেতন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নিলেন। ওদিকে ঘুষ নিলে তাঁদের শাস্তির মেয়াদ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বেঁধে দেয়া হলো। ফলে অবশেষে জাতিসংঘের দুর্নীতি দমন কনভেনশন অনুমোদনের পথে এগোতে পারে জার্মানি। জার্মানির সংবিধান অনুযায়ী সাংসদরা নিজেরাই নিজেদের বেতন স্থির করেন। সরকারি বা রাজনৈতিক বিষয়ে যতই বাকবিতণ্ডা হোক না কেন, নিজেদের স্বার্থের প্রশ্নে সাংসদদের মধ্যে মোটামুটি ঐকমত্য দেখা যায়। এবারও তাই হলো। জার্মান সংসদের নিম্নকক্ষের সদস্যদের বেতন একলাফে বেশ কিছুটা বেড়ে গেল। — ডয়চে ভেলে