টঙ্গী মডেল থানা পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম নজির আহমেদ (৩০)। গত বুধবার রাতে সন্ত্রাসীরা তার দুই হাত কেটে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ি এলাকার একটি ড্রেন থেকে নিহতের দুই হাত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত রেজাউল ইসলাম ওরফে বেহেস্তি রনি নামের স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী মডেল থানার এসআই আলমগীর গাজী জানান, সন্ত্রাসী রনি গত বুধবার সন্ধ্যায় নজিরকে স্থানীয় এরশাদ নগরের এক নম্বর ব্লকের বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে হত্যার পর লাশ আউচপাড়া মোল্লা বাজার সংলগ্ন আব্দুল মালেকের বাড়ির পেছনে ফেলে রাখা হয়। পুলিশ রাতে নজিরের লাশ উদ্ধার করে।
ওসি ইসমাইল হোসেন জানান, গতকাল ভোরে সন্ত্রাসী রনিকে (২৫) গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী নজিরের খন্ডিত দুটি হাত ও খুনে ব্যবহূত একটি চাপাতি উদ্ধার করা হয়।
