হকি এশিয়ান গেমস বাছাই

ইরানকে হারিয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশ

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২২:৩৯
এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র জোগাড় করে ফেলেছে বাংলাদেশ। গতকাল ইরানকে বড় ব্যবধানে হারানোর ভেতর দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে পা রাখলেন চয়নরা। টানা তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচের আগেই চূড়ান্ত পর্বটা অনেকটাই নিশ্চিত করে রেখেছিল স্বাগতিকরা। ইরানকে গতকাল মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে আনুষ্ঠানিকতাটা সারলো তারা। তবে এই ম্যাচ হারলেও ইরানও চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। শনিবার বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অবশ্য ম্যাচের শুরুটা হয়েছিল একেবারে বিপরীত। বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ইরান এগিয়ে ছিল ১-০ গোলে। পিছিয়ে থাকা বাংলাদেশ গোল করেছে ম্যাচের শেষ ১৫ মিনিটে। পর পর তিন গোল করে ম্যাচ জেতে বাংলাদেশ। চয়ন, মিমো এবং শেখ নান্নু গোল করেন। ম্যাচে ৯টি পেনাল্টি কর্নার পেয়ে চয়ন গোল পেয়েছেন মাত্র ১টি। ইরানকে হারাতে গিয়ে কাল নিজেরাই ম্যাচটা হারতে বসেছিল। এর আগে বাংলাদেশ দুইটি ম্যাচে জয় পেলেও কাল ইরান অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছিল। মাঝ মাঠ থেকে বলটা ধরে নিয়ে ১০ মিটার বক্সের ভেতরে ঢোকার মতো বলটা তৈরি করতে পারছিলেন না মিমো, নান্নু, কৃষ্ণরা। ইরানের মতো বড় ম্যাচে এসে জিমির মতো খেলোয়াড়ের অভাব চোখ পড়ছিল। ২৭ মিনিটে গোল হজমের পর বাংলাদেশের কৌশিক, মিমো, কৃষ্ণা, চয়ন, নান্নু, নিলয়রা কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। এ সময় ভরসা হতে পারতো পেনাল্টি কর্নার; কিন্তু সেখান থেকেও গোল পাচ্ছিল না বাংলাদেশ। ইরানের গোলকিপার চাজানিসারাহি বাংলাদেশের পেনাল্টি কর্নারগুলো ঠেকিয়ে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ওই পেনাল্টি কর্নার থেকেই ম্যাচে ফিরলো বাংলাদেশ। ৫৫ মিনিটে পাওয়া সপ্তম পেনাল্টি কর্নার থেকে লিড নিল। বাংলাদেশের ম্যাচে ফেরার দুয়ার খুলে দিলো এই গোল। আর এই গোলের পরই বাংলাদেশের আক্রমণের চেহারা যেন বদলে গেল। ১৫ মিনিটে তিন গোল করে ম্যাচটা তুলে নিলো বাংলাদেশ। ৫৭ মিনিটে মিমো গোল করেন। নিজে গোল করার পরই আক্রমণে বল দিলেন নান্নুকে। এই ফরোয়ার্ড নান্নু তার রিভার্স স্টিকে দুর্দান্ত হিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ শনিবার শ্রীলঙ্কাকে হারালে ফাইনালে উঠবে। আর হেরে গেলে তৃতীয় স্থানের জন্য খেলবে। ইরানী গোলকিপার চাজানিসারাহি হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।