এই ম্যাচও হারলেন সালমারা!

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২২:৪১
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে সমর্থকদের হতাশই করে চলেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে আবারো হেরে গেছে তারা। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারিদের মাত্র ৮১ রানে বেঁধে ফেলার পরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেছে পাঁচ রানে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের ঝালিয়ে নেয়ার পাশাপাশি বাংলাদেশের মূল লক্ষ্যই ছিল বড় আসরের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেয়া। ভারত এবং পাকিস্তান মহিলা দলের সাথে দুটি সিরিজ শেষে অবস্থাটা এখন ঠিক বিপরীত। দ্বিপাক্ষিক সিরিজে এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তির হাতে ধরাশায়ী হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। অথচ টানা হারের ধাক্কা সামলে গতকাল সাভারের বিকেএসপি মাঠে ফিরে আসারই ইঙ্গিত দিচ্ছিলেন সালমা খাতুনরা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর পাকিস্তানকে বল হাতে প্রথম ধাক্কাটি দিতে সালমা সময় নেন মাত্র চার বল। ম্যাচের প্রথম ওভারেই ঐ আঘাতের পর তৃতীয় ওভারে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নাইন আবিদিকেও ফেরান বাংলাদেশ অধিনায়ক। এরপর জাহানারা-ফাহিমাদের তোপে এক সময় পাকিস্তানের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৯ রান। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলে সানা-নাহিদা জুটি। ষষ্ঠ উইকেটে এই দুজনের ইনিংস সর্বোচ্চ ২৭ রানের জুটিতে শেষ পর্যন্ত ৮১ রানে পৌঁছায় পাকিস্তান। সানা ১৮ ও নাহিদা ৩০ রান করেন। অন্যদিকে, ৩.৫ ওভার বল করে একটি মেডেনসহ তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে অলআউট করায় বড় ভূমিকা ছিল সালমারই। জাহানারা এবং ফাহিমা নেন দুটি করে উইকেট। ছোট লক্ষ্যের তাড়ায় নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশেরও। দ্বিতীয় ওভারে সানজিদার উইকেট হারানোর পর ১৮ রানের মধ্যে বিদায় নেন সালমা এবং রুমানাও। তবে একপ্রান্ত আগলে থাকেন আয়েশা। চতুর্থ এবং পঞ্চম উইকেটে ফারজানা ও নুজহাতের সঙ্গে যথাক্রমে ২৪ ও ১৯ রানের দুটি জুটিতে বাংলাদেশকে তিনি পৌঁছে দেন ৬১ রানে। তবে উইকেট হাতে থাকলেও অতিরিক্ত বল খোয়ানোর কারণে বিশ ওভার শেষে বাংলাদেশকে থেমে যেতে হয় ৭১ রানে। যদিও তখনও অবশিষ্ট ছিল চারটি উইকেট। আয়েশার ইনিংস সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি আসে ৪৫ বলে। আজ একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবেন মেয়েরা। আর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগামী ২৬ তারিখ শুরু হচ্ছে সালমাদের বিশ্বকাপ যাত্রা।